জৈব সারের নামে বর্জ্য বিতরণ, সেই কৃষি কর্মকর্তাকে বদলি

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
জৈব সারের নামে বর্জ্য বিতরণ, সেই কৃষি কর্মকর্তাকে বদলি
রতন চন্দ্র বর্মন। ছবি : সংগৃহীত

ফলদ ও বনজ গাছের চারার সঙ্গে জৈব সারের পরিবর্তে ময়লা-আবর্জনা মিশ্রিত মাটির বর্জ্য বিতরণের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

Advertisement

রোবাবর (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। তাকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে কর্তৃপক্ষ।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এর আগে, গত ২৪ জুন কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে জৈব (গোবর) সার দেওয়ার কথা ছিল। তবে কৃষকদের অভিযোগ, সারের বস্তা খুলে তারা গোবরের পরিবর্তে ময়লা-আবর্জনা ও বর্জ্য মিশ্রিত মাটি দেখতে পান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেক কৃষক সার না নিয়ে শুধু গাছের চারা নিয়ে বাড়ি ফিরে যান। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।