Advertisement

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
বিজিবির অভিযানে উদ্ধার মাদক। ছবি: সৌজন্য

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযানে বিপুল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

সোমবার (২০ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গতকাল রোববার রাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল রাত ১০টার দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল সীমান্তের গরুরা বটতলা এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ৬০০ টাকা।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ২০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল নিচপাড়া মাঠ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

সর্বশেষ অভিযানটি চালানো হয় একই রাতে সাড়ে ১১টার দিকে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায়। বিজিবির টহল দল সেখান থেকে ১৮ বোতল ভারতীয় মদ, ১২ হাজার ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ৩৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা এই বড়ো চালানের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৭৭ হাজার টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এশিয়া পোস্টকে জানান, উদ্ধার করা এসব মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।