ময়মনসিংহে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— বেরুলিয়া উত্তরপাড়া এলাকার মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে দুই শিশু খেলাধুলা করেছিল। কিছুক্ষণ পর থেকেই পরিবারের লোকজন তাদের খুঁজে পাচ্ছিল না। এমতাবস্থায় খুঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। তাই থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিষয় :ময়মনসিংহ