কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

ফেনী শহরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি, চায়ের দোকানে অবস্থান ও আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক মাইকিং করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় জেলা তথ্য অফিসের মাধ্যমে এই মাইকিং করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য অফিসের প্রচার মাইকের মাধ্যমে জেলার বিভিন্ন হাটবাজারে মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান, চায়ের দোকানে আড্ডা বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জনশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যসহ বিভিন্ন অপরাধপ্রবণতা প্রতিরোধ করা। এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের তদারকি দলের পাশাপাশি জেলা পুলিশও মাঠে নজরদারি রাখবে।
এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। ফেনীতে বর্তমানে মূলত তিনটি সমস্যা বিরাজমান চুরি, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাং। প্রশাসন যদি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করে, তবে কিশোর অপরাধ অনেক অংশে কমে আসবে। এজন্য পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীরা যেন প্রাঙ্গণে অযথা অবস্থান না করে, সে জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রচারণা চালানোর জন্য তথ্য অফিসকে বলা হয়েছিল। প্রচারের ভাষা আরও সহজবোধ্য ও পরিমার্জন করে তথ্য অফিস আবার প্রচার করবে।’
তিনি আরও স্পষ্ট করেন, ‘এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই ঢালাওভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—বিষয়টি এমনও নয়। আমাদের মূল লক্ষ্য হলো অভিভাবকদের সচেতন করা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো।’
.png)






