ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর অভিমান করে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাক্কা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান রাতে এলাকার সবার সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন। খেলা শেষে বাড়ি ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাবা আব্দুল বারিক বলেন, আমার ছেলে রাতে খেলা দেখে বাড়ি ফিরেছিল। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে কী কথা হয়েছে, আমরা ঠিক জানি না। সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এমনটা ঘটবে কখন চিন্তাও করেনি। ছেলেকে কয়েকদিন শান্ত থাকতে দেখেছি, কারও সাথে কথা বলতো না।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পারিবারিক কলহের বিষয়টি ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)





