মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে হাজারও ইয়াবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ইয়াবার বেশির ভাগই গুঁড়া হয়ে যায়। পরে স্থানীয় লোকজন সড়কে পড়ে থাকা ইয়াবাগুলো কুড়িয়ে পুলিশকে হস্তান্তর করেন।
শুক্রবার (২৫ জুলাই) বেলা দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া বটতলা এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ওই এলাকায় নিজেদের মধ্যে বাদানুবাদে জড়ান। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা মহাসড়কে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় অনেক ইয়াবা চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে গুঁড়া হয়ে যায়। স্থানীয়দের ধারণা, ধাওয়া খেয়ে বা তড়িঘড়ি করে পালানোর সময় ওই দুই ব্যক্তি ইয়াবাগুলো ফেলে যান।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জনি বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তর্ক-বিতর্ক করছিলেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত চলে যান। এরপর সড়কে ইয়াবা পড়ে থাকতে দেখা যায়। আমরা সেগুলো সংগ্রহ করে পুলিশকে খবর দিই। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জুমার নামাজ শেষে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়রা জানিয়েছেন, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে কিছুক্ষণ অবস্থান করার পর চলে যান। পরে মহাসড়কে ইয়াবা পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করা ইয়াবার বেশির ভাগই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে গুঁড়া হয়ে গেছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ওজন আনুমানিক দুই থেকে আড়াই কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় আড়াই থেকে তিন হাজার ইয়াবা ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।
.png)






