আ.লীগ নেতাদের ইয়াবা ব্যবসা এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছো সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলার কানকিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে সিদীপ মর্ডান স্কুলে ডা. মফজলুর রহমান মকু চেয়ারম্যান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদে সনদ ও পুরস্কার বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনবাগের স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতাকর্মী হলেও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাদেরও থানায় পাঠানো হবে।
এলাকায় অবৈধভাবে মাটি কেটে রাস্তাঘাট ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে গ্রামীণ রাস্তা দিয়ে দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক ২০ টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে।
তিনি বলেন, বিএনপি ১৬ বছর পর জনগনের ভোটে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে নানা কারণে বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ-বিভক্তি ও বিরোধের কারণে একটি চক্র দেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত শুরু করছে। তাদের সে সুযোগ দেওয়া যাবে না।
জয়নুল আবদিন ফারুক বলেন, গত ১৬ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না। ১৬ বছর দেশে ছিল স্বৈরতন্ত্র। ১৬ বছর ছিল সংবিধানকে নিজের হাতে হত্যা করা। দাসত্ব ও লুটের সরকার ছিল বিগত ১৬ বছর।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজসহ উপজেলা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





