‘বাহুবলি’র অজানা গল্প আসছে ওটিটিতে

বাহুবলি ও ভাল্লালদেব ফের মুখোমুখি, অথবা কাটাপ্পা কেন মারল বাহুবলিকে—অনেক প্রশ্নের উত্তর অজানা রেখে সিনেমা ভুবন কাঁপিয়ে ২০১৫ সালে মুক্তি পেয়েছিল প্রভাসের ‘বাহুবলি’। আবারও মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমার গেমচেঞ্জার ‘বাহুবলি’। তবে এবার আসছে ওটিটিতে। পুরো সিনেমা নয়, দেখা যাবে সিনেমার পেছনের গল্প। দশ বছর পূর্তি উপলক্ষে ‘বাহুবলি: দ্য টর্চবেয়ারার’ নামের এই তথ্যচিত্র ওটিটির পর্দায় উপভোগ করতে পারবেন দর্শক। মুক্তির এক দশক পেরিয়ে গেলেও এস এস রাজামৌলির মহাকাব্যিক সৃষ্টি ‘বাহুবলি’র উন্মাদনা এখনও কমেনি দর্শকের মনে।
২০১৫ ও ২০১৭ সালে প্রেক্ষাগৃহ কাঁপানো এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পেছনের গল্প নিয়ে বিশেষ তথ্যচিত্র (ডকুমেন্টারি সিরিজ) ওটিটির পর্দায় আসতে চলেছে। সিনেমাটির নির্মাণশৈলী এবং পর্দার পেছনের রোমাঞ্চকর জার্নি নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। চলতি সপ্তাহেই বিশ্বজুড়ে এটি মুক্তি পেতে যাচ্ছে। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
ডকুমেন্টারিটি প্রথমে কোনো সিনেমা, নাকি নতুন কোনো ফিকশন—তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায়, এটি মূলত একটি তথ্যনির্ভর সিরিজ। প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা জানান, ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছে।
সিরিজটিতে কীভাবে মাহিশমতী সাম্রাজ্যের অবাস্তব গল্পটি পর্দায় বাস্তব রূপ পেয়েছিল, তা নিপুণভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেট্টি এবং তামান্না ভাটিয়ার মতো তারকাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এই সিনেমার প্রভাব এবং এর সাংস্কৃতিক গুরুত্বও উঠে আসবে। রাজামৌলিসহ সিনেমার মূল কলাকুশলীদের অনেকেই এই সিরিজে হাজির হয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
‘আরআরআর’ ও ‘মাগাধিরা’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির হাত ধরে জন্ম নেওয়া এ ফ্র্যাঞ্চাইজিটি দুই ভাইয়ের সিংহাসন দখলের লড়াইকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার অভাবনীয় সাফল্যের পর এর ওপর ভিত্তি করে দুটি অ্যানিমেটেড সিরিজ, গ্রাফিক নভেল এবং ইংরেজিতে তিনটি উপন্যাসও প্রকাশিত হয়েছে।
ডকুমেন্টারি সিরিজটি আগামী ২৬ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রিয় তারকাদের ক্যামেরার পেছনের অম্লমধুর অভিজ্ঞতা আর মাহিশমতীর আসল রহস্য জানতে বাহুবলি ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ এক উপহার।






