Advertisement

গরমে রক্তচাপ ওঠানামা করছে, যা জানা জরুরি

এশিয়া পোস্ট ডেস্ক
গরমে রক্তচাপ ওঠানামা করছে, যা জানা জরুরি
ছবি : সংগৃহীত

গরম আবহাওয়ায় রক্তচাপের পরিবর্তন অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি অস্থির হয়ে উঠতে পারে। সাধারণভাবে উচ্চ তাপমাত্রায় রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা দেখা যায়, তবে কিছু পরিস্থিতিতে এটি আবার বিপজ্জনকভাবে বেড়েও যেতে পারে। শরীরের পানির ভারসাম্য, বয়স এবং সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর এটি নির্ভর করে।

রক্তচাপ আমাদের হৃদ্‌স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি রক্ত ধমনিতে কতটা চাপ সৃষ্টি করছে, তা নির্দেশ করে। স্বাভাবিক রক্তচাপ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে সঠিকভাবে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে উচ্চ রক্তচাপ হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। আবার অতিরিক্ত কম রক্তচাপও মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে।


গরম আবহাওয়ায় রক্তচাপ কীভাবে প্রভাবিত হয়

গরমের সময় শরীর নিজেকে ঠান্ডা রাখতে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনগুলো সরাসরি রক্তচাপের ওপর প্রভাব ফেলে।

সাধারণভাবে তাপমাত্রা বাড়লে রক্তনালি প্রসারিত হয়, ফলে রক্তচাপ কমে যেতে পারে। পাশাপাশি ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও গুরুত্বপূর্ণ খনিজ যেমন সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি না খেলে রক্তের পরিমাণ কমে গিয়ে রক্তচাপ আরও নিচে নেমে যেতে পারে।

গরমে রক্তচাপ কমে যাওয়ার কারণ

অতিরিক্ত গরমে রক্তনাাল প্রসারিত হওয়ার কারণে শুরুতে রক্তচাপ কমে যায়। এর সঙ্গে ঘামের মাধ্যমে শরীরের তরল ও ইলেকট্রোলাইট কমে গেলে রক্তের পরিমাণও কমে যায়।

এতে করে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যারা রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে।

গরমে কখন রক্তচাপ বেড়ে যেতে পারে

যদিও সাধারণভাবে গরমে রক্তচাপ কমে, দীর্ঘ সময় তীব্র তাপ বা আর্দ্রতার মধ্যে থাকলে উল্টো প্রভাবও দেখা দিতে পারে।

পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে রক্তের পরিমাণ কমে গিয়ে হৃদ্‌যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়, যা কখনও কখনও রক্তচাপ বাড়াতে পারে বা অনিয়মিত করতে পারে।

এ ছাড়া অতিরিক্ত গরম শরীরে চাপ সৃষ্টি করে। এতে স্নায়ুতন্ত্র থেকে অ্যাড্রেনালিন ও কর্টিসল নামের হরমোন নিঃসৃত হয়, যা হৃৎস্পন্দন বাড়িয়ে রক্তচাপ বাড়াতে পারে।

এর ফলে অনিয়মিত বা দ্রুত হৃৎস্পন্দন, তীব্র মাথাব্যথা ও বুকে অস্বস্তি দেখা দিতে পারে।

গরমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়

গরমের সময় রক্তচাপ স্বাভাবিক রাখতে কিছু দৈনন্দিন অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পর্যাপ্ত পানি পান করুন: শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে নিয়মিত পানি পান করা জরুরি।

ইলেকট্রোলাইট ঠিক রাখুন: নারকেল পানি, দই বা লেবু পানি মতো পানীয় শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন: শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান বা যোগব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।


ক্যাফেইন ও অ্যালকোহল কমান: অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল শরীর পানিশূন্য করতে পারে এবং রক্তচাপ বাড়াতে পারে।

দিনের তীব্র গরম এড়িয়ে চলুন: দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে না যাওয়াই ভালো।

ব্যায়ামের সময় পরিবর্তন করুন: ভোরে বা সন্ধ্যায় ব্যায়াম করা তুলনামূলক নিরাপদ। প্রয়োজনে ইনডোর ব্যায়াম বেছে নেওয়া যেতে পারে।

হালকা ও পানি সমৃদ্ধ খাবার খান: ভারী খাবার হজমে বেশি শক্তি লাগে, যা গরমে শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

রক্তচাপ নিয়মিত পর্যবেক্ষণ করুন: ঘরে রক্তচাপ মাপার যন্ত্র ব্যবহার করে নিজের অবস্থা পর্যবেক্ষণ করা উচিত।

গুরুত্বপূর্ণ সতর্কতা

যারা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, বিশেষ করে ডায়িউরেটিক বা বিটা-ব্লকার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে গরমের সময় ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত।

যদি রক্তচাপ হঠাৎ অনেক ওঠানামা করে বা অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

গরম আবহাওয়া রক্তচাপকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। কখনও এটি রক্তচাপ কমিয়ে দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে বাড়িয়েও দিতে পারে। তাই সঠিক জীবনধারা, পর্যাপ্ত পানি গ্রহণ এবং সচেতনতা বজায় রাখাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি