বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশন এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসুবক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।’
ওই পোস্টের কমেন্টে তিনি জানান, আজ বাঁশখালীর ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের ২ হাজার বন্যাদুর্গত পরিবারের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ঢাকায় ব্যাপকভিত্তিতে আরও ৪ হাজার প্যাকেজ খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘এগুলোও পৌঁছে যাবে দুর্গত অঞ্চলে। এরপর আট উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।’
তহবিল সংগ্রহ সাপেক্ষে ত্রাণ এবং ঘরের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে শিক্ষা, সেবা-প্রশিক্ষণ-কর্মসংস্থান ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেছে।





