শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি হাসিনাসহ ৪১

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযান-সংক্রান্ত ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার ছাড়াও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা জমা দেওয়া প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ৫৮ পরিচয় নিশ্চিত করা গেছে।
এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ ১০ থেকে ১৫ জন নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সমাবেশটি ছত্রভঙ্গ করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ থাকলে বারবার নিহতের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
.png)






