এমপি গাজী নজরুলের বিষয়ে ইসিকে জানাচ্ছে জামায়াত

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ ছাড়া তার বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তার বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
এর আগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা অব্যাহত আছে। এ নিয়ে গত দুদিন মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধারাবাহিক সংবাদ পরিবেশন হচ্ছে।
যদিও গাজী নজরুল এবং তার প্রথম পক্ষের স্ত্রী মাকসুদা ইসলামের দাবি, ওই তরুণীর সঙ্গে এমপির বৈবাহিক সম্পর্ক রয়েছে। মেয়েটির বাবাও বিষয়টি স্বীকার করেছেন। তবে তাদের সম্পর্ক বৈধ হলে লুকোচুরি কেন—সামাজিক যোগাযোগমাধ্যমে সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। আবার অসম বিয়ের বিষয়টিকেও ভিন্ন দৃষ্টিতে দেখছেন অনেকে।
এদিকে বুধবার (২২ জুলাই) তার নিজ নির্বাচনি এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সচেতন নাগরিকের ব্যানারে ঝাড়ু মিছিল থেকে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
.png)






