Advertisement

আবু সাঈদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: রাষ্ট্র সংস্কার আন্দোলন

এশিয়া পোস্ট প্রতিবেদক
আবু সাঈদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: রাষ্ট্র সংস্কার আন্দোলন
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও শহীদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তবায়নে অগ্রগতি হতাশাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘শহীদ আবু সাঈদ দিবস: আত্মত্যাগ, অভ্যুত্থান, পরিণতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

সংগঠনের নেতারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। তার সেই সাহসী প্রতিরোধ ছাত্র-জনতাকে নতুন করে সাহস জুগিয়েছিল এবং পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন জানায়, আবু সাঈদের রক্ত শুধু একটি প্রাণের ক্ষতি নয়, বরং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতীক। হাজারো মানুষ জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের আশায়। কিন্তু দুই বছর পরও সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে দাবি সংগঠনটির।

সভায় বক্তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এখনো অনিশ্চিত। রাষ্ট্র ক্ষমতার কাঠামোগত সংস্কারের পরিবর্তে পুরনো রাজনৈতিক চর্চা ও গোষ্ঠীস্বার্থের বিষয়গুলো আবারও সামনে আসছে। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে বলে অভিযোগ করা হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা শুধু স্মরণসভা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তাঁদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্র কাঠামোর প্রকৃত সংস্কার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাইকে নির্দিষ্টভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশকে শিক্ষা দিয়েছে যে, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো শক্তির টিকে থাকা সম্ভব নয়।

আলোচনা সভায় সংগঠনের আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, নির্বাহী কমিটির সদস্য শেখ নাসির উদ্দিন, নারী বিষয়ক সহ-সম্পাদক মনোয়ারা রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াসহ অন্য নেতারা বক্তব্য দেন।