Advertisement

কোহলি-রোহিতের পথেই হাঁটছেন বৈভব!

এশিয়া পোস্ট নিউজ
কোহলি-রোহিতের পথেই হাঁটছেন বৈভব!

আইপিএলের মঞ্চে নতুন তারকা উঠে আসা নতুন কিছু নয়। তবে এবারের আসরে যে নামটি সবচেয়ে বেশি আলোড়ন তুলছে, তার বয়স মাত্র ১৫ বছর। বলা হচ্ছে রাজস্থানের ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর কথা। আইপিএলের চলতি আসরে ওপেনিংয়ে নেমে তার নির্ভীক ব্যাটিং ইতোমধ্যেই পুরো ক্রিকেট দুনিয়ারই আলোচনার টপিক। সেই তালিকায় আছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথও। 

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক মনে করেন, এই কিশোরের মধ্যেই ভবিষ্যৎ সুপারস্টারের আভাস রয়েছে। তার মতে, অভিজ্ঞ তারকাদের ভিড়েও সূর্যবংশী নিজের জায়গা করে নিচ্ছেন পারফরম্যান্স দিয়েই।

স্মিথ বলেছেন, তরুণ বয়সেই যেভাবে প্রথম বল থেকেই আক্রমণ শুরু করছে সূর্যবংশী, তা তাকে অন্যদের থেকে আলাদা করে। টুর্নামেন্টের শুরুতেই তার খেলা নজর কেড়েছে এবং সামনে আরও বড় কিছু করার সামর্থ্য তার আছে বলেই মনে করছেন তিনি।

সংখ্যার দিক থেকেও সূর্যবংশীর শুরুটা চমকপ্রদ। প্রথম তিন ম্যাচে ১২২ রান করেছেন, গড় ৪০-এর বেশি, স্ট্রাইক রেট প্রায় ২৫০। এই রানগুলো এসেছে মূলত বাউন্ডারি থেকেই। ইতোমধ্যে ১০টি চার ও ১১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ইনিংসে শুরুতেই জাসপ্রীত বুমরাহকে টানা ছক্কা মেরে নিজের মানসিকতা স্পষ্ট করে দিয়েছেন এই তরুণ। এর আগে ১৫ বলে অর্ধশতক করে আলোচনায় আসেন তিনি।

এই পারফরম্যান্সই সূর্যবংশীকে নিয়ে তুলনা টেনে আনছে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে। যদিও পথটা এখনও দীর্ঘ, তবে শুরুটা যেভাবে হয়েছে, তাতে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই স্বাভাবিক।