শেষ ষোলোয় আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন

কেপ ভার্দের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে অভিষেক বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকার দলটিকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার লিওনেল মেসিদের সামনে মোহাম্মদ সালাহর মিশর।
শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা-মিশর মুখোমুখি হবে আগামী মঙ্গলবার, ৭ জুলাই। ম্যাচটি হবে আটলান্টা স্টেডিয়ামে। স্থানীয় সময় দুপুর ১২টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে লড়াইটি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। ২৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তের গোলে সমতা ফেরায় কেপ ভার্দে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।
অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আবার আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে স্কোর হয় ২-২। শেষ পর্যন্ত ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জালে গেলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
অন্যদিকে মিশর শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে পেনাল্টি শুটআউটে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে মোহামেদ সালাহর দল।
মিশরের এই জয়ও ঐতিহাসিক। বিশ্বকাপে এটিই তাদের প্রথম নকআউট জয়। ইমাম আশুরের গোলে এগিয়ে যাওয়ার পর মোহামেদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। পরে শুটআউটে মিশরের চার শটই জালে যায়, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার ও লুকাস হেরিংটন মিস করেন।
আর্জেন্টিনা গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে নকআউটে উঠেছিল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। এরপর কেপ ভার্দেকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের জয়ের ধারা ধরে রাখল তারা।
তবে কেপ ভার্দে ম্যাচ আর্জেন্টিনাকে সতর্কবার্তাও দিয়ে গেছে। মেসির গোল, লিসান্দ্রোর শট এবং রোমেরোর জয়সূচক হেডের পরও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অনেকটা সময় অস্বস্তিতে রেখেছিল আফ্রিকার ছোট দেশটি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে তাই আরও পরিণত ও নিয়ন্ত্রিত ফুটবল দরকার হবে স্কালোনির দলের।
মিশরকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড, কলম্বিয়া বা ঘানার মধ্যে কোনো এক দল। তবে আপাতত মেসিদের ভাবনা শুধু মিশর ম্যাচ নিয়েই। আটলান্টায় সালাহদের বিপক্ষে সেই লড়াই হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথে আরেকটি বড় পরীক্ষা।





