মেসিকে আটকানো যাবে না, স্পেনের জয়ের পথ জানালেন ইনিয়েস্তা

লিওনেল মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা সম্ভব নয়। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে এমন সতর্কবার্তাই দিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের নায়ক ইনিয়েস্তার মতে, মেসিকে থামানোর চেষ্টা না করে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়াই স্পেনের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
বর্তমানে নিউইয়র্কে অবস্থান করা ইনিয়েস্তা শনিবার স্প্যানিশ এক রেডিও অনুষ্ঠানে বলেন, তাকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের খেলাটা খেলুক, সুযোগ তৈরি করুক এবং সেই সুযোগগুলো কাজে লাগাক। তাতেই আর্জেন্টিনাকে চাপে ফেলা সম্ভব।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। এখন পর্যন্ত তিনি আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন। দীর্ঘদিন বার্সেলোনায় তার সতীর্থ ছিলেন ইনিয়েস্তা। তাই মেসির বর্তমান পারফরম্যান্সে তিনি মুগ্ধ।
ইনিয়েস্তা বলেন, এটা ভাষায় প্রকাশ করা কঠিন। তার একাগ্রতা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে যা করছে, তার জন্য তাকে কেবল অভিনন্দনই জানানো যায়।
মেসির হুমকির কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি বড় ম্যাচে ভয় না পাওয়ারও পরামর্শ দিয়েছেন ৪২ বছর বয়সী এই সাবেক স্প্যানিশ তারকা।
তার ভাষায়, ভয় নিয়ে কখনো খেলা যায় না। পুরো বিশ্বকাপে স্পেনের আত্মবিশ্বাস বেড়েছে। তারা জানে কী করতে হবে। কে খেলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার এবং সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি।
.png)






