চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ইতিহাসে মাত্র তৃতীয়বার

বিশ্বকাপের শেষ চারে এবার নতুন কোনো বিশ্বচ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা নেই। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা, চার দলেরই আগে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। প্রতিযোগিতার ৯৬ বছরের ইতিহাসে মাত্র তৃতীয়বার সেমিফাইনালের চারটি জায়গাই দখল করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। চার দলের ঝুলিতে রয়েছে মোট সাতটি বিশ্বকাপ।
শেষ চারে সবার আগে জায়গা করে নেয় ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় কিলিয়ান এমবাপ্পের দল। এরপর বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন।
শেষ দুটি জায়গা নিশ্চিত হয়েছে অতিরিক্ত সময়ের নাটকীয়তায়। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জেতে ইংল্যান্ড। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পায় আর্জেন্টিনা।
এর আগে প্রথমবার এমন সেমিফাইনাল দেখা গিয়েছিল ১৯৭০ বিশ্বকাপে। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই আসরের শেষ চারে উঠেছিল ব্রাজিল, ইতালি, পশ্চিম জার্মানি ও উরুগুয়ে। চার দলই তার আগেই অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে পেলের ব্রাজিল।
3 - This will be the third FIFA World Cup in which all four semi-finalists are former winners (1990, 1970).
— OptaJoe (@OptaJoe) July 12, 2026
Pedigree. pic.twitter.com/dlC2QvBDOL
দ্বিতীয় ঘটনাটি ১৯৯০ সালে। ইতালিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড। ফাইনালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।
তার ৩৬ বছর পর আবারও সাবেক চার চ্যাম্পিয়নকে পাওয়া গেল বিশ্বকাপের সেমিফাইনালে।
এবারের চার দলের মধ্যে সবচেয়ে বেশি তিনটি শিরোপা আর্জেন্টিনার। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির দল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখবে তারা।
ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। দিদিয়ের দেশমের দল টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার সামনে দাঁড়িয়ে। স্পেনের একমাত্র শিরোপা এসেছে ২০১০ সালে। ইংল্যান্ডের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় ১৯৬৬ সালে। তাদের অপেক্ষা তাই ছয় দশকের।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন একই সময়ে আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।





