বিশ্বকাপের দুই সেমিফাইনাল কবে, কখন

ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই চার দলকে নিয়েই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল। বাংলাদেশি দর্শকদের দুটি ম্যাচই দেখতে হবে রাত ১টায়।
| ম্যাচ | বাংলাদেশ সময় | ভেন্যু |
|---|---|---|
| ফ্রান্স বনাম স্পেন | ১৫ জুলাই, বুধবার রাত ১টা | ডালাস স্টেডিয়াম, আর্লিংটন |
| ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা | ১৬ জুলাই, বৃহস্পতিবার রাত ১টা | আটলান্টা স্টেডিয়াম |
প্রথম সেমিফাইনালটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৪ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হবে। সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশে তখন ১৫ জুলাই রাত ১টা। অর্থাৎ ম্যাচটি মঙ্গলবার দিবাগত রাতে দেখতে হবে।
দ্বিতীয় সেমিফাইনাল স্থানীয় সময় ১৫ জুলাই বুধবার বিকেল ৩টায়। বাংলাদেশে ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ ১৬ জুলাইয়ের শুরুতে।
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করেছে স্পেন। অন্যদিকে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
দুই সেমিফাইনালের বিজয়ীরা ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।





