ঢাকায় এমন বৃষ্টি আর কতদিন থাকবে

এশিয়া পোস্ট নিউজ
ঢাকায় এমন বৃষ্টি আর কতদিন থাকবে
রোববার সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি। ছবি: এশিয়া পোস্ট

কখনো টানা মুষলধারে, কখনো আবার হালকা থেকে মাঝারি বর্ষণ; গত দুদিন ধরে মেঘলা আকাশ আর বৃষ্টির এমন রূপ দেখছে রাজধানী ঢাকাবাসী। এ অবস্থায় নগরবাসীর মনে এখন একটাই প্রশ্ন ঢাকায় এই বৃষ্টি আর কতদিন চলবে?

শ্রাবণের এই অঝোর ধারায় একদিকে যেমন গরমের অস্বস্তি কেটে স্বস্তি এসেছে, অন্যদিকে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ আর কর্মজীবীরা।

রোববার (১২ জুলাই) ভোর থেকে হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, নিউমার্কেট, বনানী, পল্টন, কারওয়ান বাজার, গ্রীনরোড, মালিবাগ, শান্তিনগরসহ বেশ কিছু প্রধান সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে।

এদিন সকালে ছাতা মাথায় কর্মস্থলে ছোটেন মানুষ, কিন্তু গণপরিবহন সংকটে অনেককেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা।

হঠাৎ বৃষ্টির এই দাপট কেন?

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি স্পষ্ট লঘুচাপ স্থলভাগের দিকে ধেয়ে আসার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জলভাগে প্রবাহিত হচ্ছে। সমুদ্র থেকে ধেয়ে আসা আর্দ্র বায়ু ও দেশের ভেতরের বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের কারণে ঢাকাসহ মধ্যাঞ্চলে মেঘমালা ঘনীভূত হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে বজ্রসহ ভারী বর্ষণ।

বৃষ্টি আর কতদিন?

আবহাওয়ার পূর্বাভাসের তথ্যমতে, ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে আরও অন্তত তিন থেকে চার দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আর আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের মাঝামাঝির দিকে অর্থাৎ আগামী দুই-তিন দিন পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করতে পারে। তবে আকাশ পুরোপুরি পরিষ্কার হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ সারা দিনই রাজধানীতে বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবারও (১৩ জুলাই) রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে মাঝে রাতের দিকে বৃষ্টি একটু কম হতে পারে।

ঢাকায় চলতি মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে এ সময়ের মধ্যে সর্বোচ্চ। আর গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় মোট ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বন্যা পরিস্থিতি

এদিকে, টানা বর্ষণের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে সাতটি জেলায় বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হলেও শনিবারের তুলনায় সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাস

অন্যদিকে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৫ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।