যে ভুলে স্পেনের জার্সিতে ঢুকে পড়েছিল ফরাসি প্রতীক

ফুটবল দলের জার্সিতে থাকা ক্রেস্ট একটি দেশের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। অথচ প্রায় ১৭ বছর ধরে স্পেনের জার্সিতে ব্যবহৃত হয়েছিল ভুল প্রতীক। আরও বিস্ময়কর বিষয়, সেই ভুল ক্রেস্ট নিয়েই টানা দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতেছিল দলটি।
স্পেনের জার্সিতে দেশটির জাতীয় প্রতীক ব্যবহার করা হয়। সেই প্রতীকের একেবারে মাঝখানে রয়েছে ছোট একটি নীল ঢাল। সেখানে তিনটি সোনালি ফ্লার-দে-লিস বা শাপলা সদৃশ রাজকীয় চিহ্ন দেখা যায়। এটি স্পেনের বোরবোঁ-আনজু রাজপরিবারের প্রতীক।
সমস্যা হয়েছিল সেই ছোট ঢালেই। স্প্যানিশ বোরবোঁদের প্রতীকের বদলে জার্সিতে বসানো হয়েছিল ফরাসি বোরবোঁ রাজবংশের নকশা। দুই প্রতীক দেখতে প্রায় একই হলেও স্প্যানিশ সংস্করণের নীল ঢালের চারপাশে একটি লাল সীমানা রয়েছে। ফুলের গঠনেও সূক্ষ্ম পার্থক্য আছে।
ঐতিহাসিক নথি অনুযায়ী, ইউরো ১৯৯৬ থেকে স্পেনের জার্সিতে ভুল নকশাটি দেখা যায়। ২০০৮ সালে ইউরো ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত পোশাকেও সেটি বদলানো হয়নি।
এরপর ভুল ক্রেস্ট পরেই স্পেন ইউরো ২০০৮ জেতে। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপ জয়ের সময়ও ইকার ক্যাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজদের বুকে ছিল একই প্রতীক। এমনকি ২০১২ সালে টানা দ্বিতীয় ইউরো জয়ের সময়ও ভুলটি থেকে যায়।
হেরাল্ড্রি বা রাজকীয় প্রতীকবিষয়ক ইতিহাসবিদ হাইমে সালাসার ২০১০ সালের আগস্টে বিষয়টি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জানান। তখনকার সভাপতি আনহেল মারিয়া ভিয়ার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের ওপর দায় দেন। অ্যাডিডাসের বক্তব্য ছিল, ফেডারেশনের কাছ থেকে পাওয়া নকশাই তারা জার্সিতে ব্যবহার করেছে।
শেষ পর্যন্ত ২০১৩ সালের নভেম্বরে ব্রাজিল বিশ্বকাপের জার্সি প্রকাশের সময় ক্রেস্টটি সংশোধন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও অ্যাডিডাস। ঠিক করা হয় মাঝের বোরবোঁ প্রতীক। পাশাপাশি মুকুট ও নিচের ডালিমের নকশাতেও পরিবর্তন আনা হয়। আগের প্রতীকে ডালিমটি অনেকটা টিউলিপের মতো দেখাত।
তবে ২০১৪ সালের সংশোধনের পরও ছোটখাটো কিছু হেরাল্ডিক অসংগতি থেকে গিয়েছিল, যা ২০১৮ বিশ্বকাপের জার্সিতেও দেখা যায়।
অর্থাৎ স্পেনের সোনালি সময়ের তিনটি বড় শিরোপাতেই ছিল ভুল ক্রেস্ট। একটি ছোট লাল সীমানার অনুপস্থিতির কারণে স্প্যানিশ বোরবোঁদের বদলে তাদের জার্সিতে জায়গা পেয়েছিল ফরাসি বোরবোঁদের প্রতীক।





