দেখে নিন সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের একাদশ

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের একাদশে দুটি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আক্রমণে ফিরেছেন ব্র্যাডলি বারকোলা, আর চোট কাটিয়ে মাঝমাঠে জায়গা পেয়েছেন অরেলিয়েন চুয়ামেনি। বিপরীতে কোয়ার্টার ফাইনালের একাদশই ধরে রেখেছে স্পেন।
দেজিরে দুয়েকে বেঞ্চে রেখে বারকোলাকে খেলাচ্ছে ফ্রান্স। উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে থাকবেন তিনি।
চোটের কারণে ফ্রান্সের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি চুয়ামেনি। সেমিফাইনালে আদ্রিয়েন রাবিওর সঙ্গে মাঝমাঠ সামলাবেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। মানু কোনে জায়গা পেয়েছেন বেঞ্চে।
স্পেনের মাঝমাঠে রদ্রি ও দানি ওলমোর সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন ফাবিয়ান রুইস। ফলে টানা দ্বিতীয় ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন পেদ্রি। আক্রমণে লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবালের সঙ্গে খেলবেন আলেক্স বায়েনা।
ফ্রান্স একাদশ: মাইক মেনিয়ঁ; জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে; অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে।
স্পেন একাদশ: উনাই সিমোন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া; রদ্রি, ফাবিয়ান রুইস, দানি ওলমো; লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।





