বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হবেন কে?

বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এখনও ঘোষণা করা হয়নি। তবে ফাইনালের আগে লড়াইটা কার্যত স্পেনের দুই কিশোর তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আক্রমণে ইয়ামালের সৃজনশীলতা এবং রক্ষণে কুবারসির ধারাবাহিকতা স্পেনকে পৌঁছে দিয়েছে শিরোপার মঞ্চে।
বর্তমান পরিস্থিতিতে পুরস্কার জয়ের দৌড়ে সামান্য এগিয়ে ইয়ামাল। একটি পূর্বাভাসভিত্তিক বাজারে তার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৬৯ শতাংশ। কুবারসির সম্ভাবনা ৩০ শতাংশ। তবে মাঠের পারফরম্যান্স বিচার করলে দুজনের ব্যবধান এতটা বড় নয়।
বিশ্বকাপে ইয়ামালের গোল মাত্র একটি। সৌদি আরবের বিপক্ষে সেই গোলটি করেছিলেন তিনি। কিন্তু শুধু গোল দিয়ে তার প্রভাব বোঝা যাবে না। ডান প্রান্ত থেকে ড্রিবলিং, সুযোগ তৈরি এবং প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখার মাধ্যমে স্পেনের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন বার্সেলোনার এই উইঙ্গার।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে স্পেনের পেনাল্টি আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ামালের। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে স্পেনের হয়ে যে ১২ ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন, তার সবগুলোতেই জয় পেয়েছে দল। ফিফার সৃজনশীল খেলোয়াড়দের তালিকাতেও তিনি আছেন ষষ্ঠ স্থানে। এর আগে ইউরো ২০২৪-এর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
অন্যদিকে কুবারসির বিশ্বকাপটা প্রায় নিখুঁত। ফাইনালে ওঠার পথে স্পেনের সাতটি ম্যাচের প্রতিটি মিনিট মাঠে ছিলেন ১৯ বছর বয়সী এই সেন্টারব্যাক। এই সময়ে স্পেন গোল খেয়েছে মাত্র একটি এবং ছয় ম্যাচে জাল অক্ষত রেখেছে।
সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও ফ্রান্সকে গোল করতে না দেওয়ার পেছনেও বড় ভূমিকা ছিল কুবারসির। শুধু রক্ষণ নয়, পেছন থেকে আক্রমণ গড়তেও অসাধারণ তিনি। চলতি বিশ্বকাপে তার চেয়ে বেশি থ্রু পাস সম্পন্ন করতে পারেননি কোনো খেলোয়াড়। স্পেনের হয়ে কেবল রদ্রি ও আয়মেরিক লাপোর্ত তার চেয়ে বেশি পাস দিয়েছেন।
ফ্রান্সের দেজিরে দুয়ে এবং সুইজারল্যান্ডের ইয়োহান মানজাম্বির মতো তরুণেরাও আলো ছড়িয়েছেন। কিন্তু তাদের দল বিদায় নেওয়ায় পুরস্কারের লড়াইয়ে স্পেনের দুই তারকাই এখন পরিষ্কারভাবে এগিয়ে।
সব মিলিয়ে পুরস্কারটি জয়ের সম্ভাবনায় ইয়ামালকে সামান্য এগিয়ে রাখা যায়। আক্রমণভাগের খেলোয়াড় হওয়া, ম্যাচে দৃশ্যমান প্রভাব এবং পরিচিতি তাকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে ফাইনালে আর্জেন্টিনার আক্রমণ ও লিওনেল মেসিকে আটকে স্পেনকে শিরোপা এনে দিতে পারলে কুবারসিই পুরস্কারটি ছিনিয়ে নিতে পারেন।
তাই আপাতত পূর্বাভাস ইয়ামালের পক্ষে। কিন্তু বিশ্বকাপের সেরা তরুণ কে হবেন, তার চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে ফাইনালের ৯০ মিনিটে।
.png)





