Advertisement

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোয় বিশ্বকাপের ঘাঁটি বানাচ্ছে ইরান

এশিয়া পোস্ট স্পোর্টস
যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোয় বিশ্বকাপের ঘাঁটি বানাচ্ছে ইরান
ইরান ফুটবল দল। ছবি: সংগৃহীত

রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা ও ভিসা জটিলতার আশঙ্কায় ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ঘাঁটি বদলাচ্ছে ইরান। আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও এখন মেক্সিকোর তিহুয়ানায় অবস্থান করবে ইরান জাতীয় ফুটবল দল।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফার অনুমোদন নিয়েই বেস ক্যাম্প পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। তার দাবি, ইস্তাম্বুলে বিশ্বকাপ আয়োজক ও ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরান থেকে ফিফা মহাসচিবের সঙ্গে অনলাইন আলোচনার পর ইরানের আবেদন অনুমোদন করা হয়েছে।

ফিফা অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশসংক্রান্ত সম্ভাব্য ভিসা জটিলতা এড়ানো সহজ হবে। মেক্সিকো থেকে ম্যাচের ভেন্যুতে যাওয়া-আসার পরিকল্পনাও তুলনামূলক সুবিধাজনক হবে বলে মনে করছে তারা।

তিহুয়ানা মেক্সিকোর সীমান্তঘেঁষা শহর, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর কাছেই এর অবস্থান। ইরানের প্রথম দুই গ্রুপ ম্যাচ হবে ক্যালিফোর্নিয়ার ইনগলউডে সোফাই স্টেডিয়ামে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে প্রতিপক্ষ মিসর।

২০২৬ বিশ্বকাপে ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপ খেলতে যাওয়া ইরানের জন্য এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের প্রস্তুতিও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রে নিজেদের ম্যাচ সরিয়ে মেক্সিকোয় নেওয়ার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিল। তবে ফিফা তখন সূচি পরিবর্তনের পথে হাঁটেনি। এবার ম্যাচের ভেন্যু না বদলালেও প্রস্তুতি ঘাঁটি সরিয়ে ইরান অন্তত ভ্রমণ, নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতা কিছুটা কমানোর চেষ্টা করছে।