Advertisement

ইরান ইস্যুতে ‘ইতিবাচক’ বৈঠকের কথা জানাল ফিফা

এশিয়া পোস্ট স্পোর্টস
ইরান ইস্যুতে ‘ইতিবাচক’ বৈঠকের কথা জানাল ফিফা
ইরান ফুটবল সভাপতি মেহেদী তাজের সাথে ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তার মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক বৈঠকের কথা জানিয়েছে ফিফা। শনিবার ইস্তাম্বুলে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের সঙ্গে বৈঠক করেন ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম। বৈঠকের পর ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানোর ব্যাপারে আত্মবিশ্বাসের কথাও বলেছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে গ্রাফস্ট্রম বলেন, ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের ‘দারুণ ও গঠনমূলক’ বৈঠক হয়েছে। ফিফা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে বলেও জানান তিনি। ফিফার নিজস্ব বিবৃতিতেও বলা হয়েছে, ইস্তাম্বুল বৈঠকে ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশ্বাস ও সহায়তার বার্তা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে এবারের বিশ্বকাপ। ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই দলটির বিশ্বকাপ সফর নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত প্রশ্ন তৈরি হয়।

বিষয়টি আরও জটিল হয় চলতি মাসের শুরুতে। ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় প্রবেশের অনুমতি পাননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। রয়টার্স জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণেই তাকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ভিসা ও প্রবেশাধিকার নিয়ে বিস্তারিত বলতে চাননি গ্রাফস্ট্রম। তিনি জানিয়েছেন, দুই পক্ষ বিশ্বকাপের অপারেশনাল বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং আলোচনা ছিল ইতিবাচক। খেলোয়াড়দের প্রবেশ ও ভিসা-নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রাসঙ্গিক সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে, তবে বিস্তারিত প্রকাশ করার জায়গা এটি নয়।

মেহদি তাজও বৈঠককে “খুব ভালো” বলেছেন। তার দাবি, ইরান যে ১০টি বিষয় তুলেছিল, ফিফা সেগুলো শুনেছে এবং প্রতিটির জন্য সমাধানের প্রস্তাব দিয়েছে। তাজ আশা প্রকাশ করেছেন, ইরান জাতীয় দল কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপে যেতে পারবে এবং ভালো ফল করবে।

ইরান আগে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, ম্যাচগুলো পূর্বনির্ধারিত ভেন্যুতেই হবে। তাই ইরানের গ্রুপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা।

ইরান দল সোমবার তেহরান ছাড়বে তুরস্কে অনুশীলন ক্যাম্পের জন্য। এরপর জুনের শুরুতে তারা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে কিনো স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের বেস ক্যাম্পে যাবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।