নাটকীয় সিদ্ধান্তে সেনেগালের আফকন শিরোপা গেল মরক্কোর কাছে

এক নজিরবিহীন সিদ্ধান্তে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ২০২৫-এর ফলাফল উল্টে দিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (CAF)। ফাইনালে জয়ী হয়েও শিরোপা হারিয়েছে সেনেগাল, যাদের ৩-০ ব্যবধানে পরাজিত ঘোষণা করা হয়েছে।
আফ্রিকার ফুটবল সংগঠনটির আপিল বোর্ড জানায়, ফাইনালের শেষ দিকে মাঠ ছাড়ার মাধ্যমে সেনেগাল দল টুর্নামেন্টের শৃঙ্খলাবিধি ভঙ্গ করেছে। এ কারণে তাদের ম্যাচ পরিত্যাগকারী হিসেবে গণ্য করে ফলাফল মরক্কোর পক্ষে নির্ধারণ করা হয়েছে।
Le Jury dAppel de la Confédération Africaine de Football (CAF) a décidé, en application de larticle 84 du Règlement de la Coupe dAfrique des Nations (CAN), de déclarer léquipe nationale du Sénégal forfait lors de la finale de la TotalEnergies CAF Coupe dAfrique des Nations
— CAF Media (@CAF_Media) March 17, 2026
গত ১৮ জানুয়ারির সেই ফাইনালে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মরক্কো পেনাল্টি পেলে প্রতিবাদে মাঠ ছেড়ে যায় সেনেগালের খেলোয়াড়রা। পরে তারা মাঠে ফিরলেও ঘটনাটি তদন্তের মুখে পড়ে।
মরক্কো ফুটবল ফেডারেশনের করা আপিল গ্রহণ করে কাফ জানায়, সেনেগালের আচরণ আফকনের নিয়মের ৮২ ও ৮৪ ধারা লঙ্ঘন করেছে। এই ধারাগুলো অনুযায়ী, কোনো দল রেফারির অনুমতি ছাড়া খেলা বন্ধ করলে বা মাঠ ত্যাগ করলে সেটি পরাজয় হিসেবে গণ্য হয় এবং প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে জয় দেওয়া হয়।
একই সঙ্গে কাফ ডিসিপ্লিনারি কমিটির আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আপিল বোর্ড স্পষ্ট করেছে, মরক্কোর আপিল গ্রহণযোগ্য এবং তা বহাল রাখা হয়েছে।
এ ঘটনায় কিছু শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। মরক্কোর খেলোয়াড় ইসমাইল সাইবারির ওপর আরোপিত ১ লাখ ডলারের জরিমানা বাতিল করা হলেও তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার একটি স্থগিত। এ ছাড়া বলবয় ইস্যুতে মরক্কো ফেডারেশনকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং ভিএআরসংক্রান্ত ঘটনায় ১ লাখ ডলারের জরিমানাও বহাল রয়েছে।
এই নাটকীয় সিদ্ধান্তের মাধ্যমে আফকনের ইতিহাসে বিরল এক অধ্যায়ের জন্ম হলো, যেখানে মাঠের ফল নয়, প্রশাসনিক রায়ে নির্ধারিত হলো চ্যাম্পিয়ন।
.png)





