কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫০০, মৃত্যু ৪৭৩

আফ্রিকান দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারী হিসাব অনুযায়ী, দেশটিতে ইবোলা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৩ জনের।
কঙ্গোর সরকারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মূলত দেশটির পূর্বাঞ্চলীয় তিন প্রদেশ ইতুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভুতে এই ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা শুক্রবার (৩ জুলাই) সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের জরুরি চিকিৎসার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় ইবোলার নতুন ধরন ‘বুন্দিবুগিও’র জন্যও চিকিৎসা শুরু হয়েছে। তবে ভাইরাসের মূল কেন্দ্রগুলোতে নতুন করে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।





