ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার স্থায়ী সমাধানে উভয়পক্ষকে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বেইজিং।
বুধবার (০১ জুলাই) রাজধানী বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
তিনি বলেন, ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়া উচিত। চীন সবসময়ই এ অবস্থানের পক্ষে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ইতোমধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন করে আলোচনা এগিয়ে নেবে এবং যত দ্রুত সম্ভব সংকটের একটি সমন্বিত সমাধানে পৌঁছাবে বলে প্রত্যাশা করে বেইজিং।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে নিয়ে আলাদা পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান দোহায় বৈঠকের অনুরোধ জানিয়েছে।
তবে তেহরান এ দাবি নাকচ করে জানিয়েছে যে, ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের সূচি নেই। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান।
তথ্য: সিসিটিভি





