Advertisement

বেন-গভিরের নেতৃত্বে আল-আকসায় ঢুকে ইসরায়েলিদের উল্লাস

এশিয়া পোস্ট ডেস্ক
বেন-গভিরের নেতৃত্বে আল-আকসায় ঢুকে ইসরায়েলিদের উল্লাস
উগ্র ইহুদিদের সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গনে ঢুকেছেন বেন-গভির। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নিয়ম ও ঐতিহাসিক চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে উল্লাস করেছে কয়েক হাজার উগ্রপন্থি ইহুদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইহুদিদের শোক দিবস ‘তিশা বি আ’ উপলক্ষে অনুসারীদের নিয়ে ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থানে জোরপূর্বক প্রবেশ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেন-গভির ও তার অনুসারীরা সকাল থেকে সেখানে ভিড় জমান। তারা চুক্তির তোয়াক্কা না করে আল-আকসা প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা ও উল্লাস শুরু করেন।

আল-আকসা প্রাঙ্গণে ধারণকৃত এক ভিডিও বার্তায় ডানপন্থি এই ইসরায়েলি মন্ত্রী দাবি করেন, ইহুদিরা এখানে প্রার্থনা করছে কারণ তারা নিজেদের এখানকার প্রকৃত মালিক মনে করে। পুরো প্রাঙ্গণজুড়ে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে আরও কাজ বাকি আছে এবং আমরা সামনে এগিয়ে যাব।

ইসরায়েল ও জর্ডানের মধ্যে থাকা দীর্ঘদিনের ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী, অমুসলিম বা ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণ কেবল পরিদর্শন করতে পারবেন না। সেখানে তাদের কোনো ধরনের ধর্মীয় প্রার্থনা বা উপাসনা করার অনুমতি নেই।

এই প্রাঙ্গণ পরিচালনার দায়িত্বে রয়েছে জর্ডানের ধর্মীয় ওয়াকফ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেন-গভির ডজনেরও বেশি বার এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে আল-আকসায় অবৈধ অনুপ্রবেশ করেছেন।

উগ্র ইসরায়েলি মন্ত্রীর উসকানিমূলক এই কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি এক বিবৃতিতে জানান, আল-আকসায় জোরপূর্বক অনুপ্রবেশ এবং এতে ইসরায়েলি পুলিশের মদদ দেওয়ার ঘটনা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছেন। এটি আল-আকসার ওপর জোর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা।

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। তারা জানিয়েছে, একচেটিয়াভাবে মুসলিমদের অধীনস্থ আল-আকসার ঐতিহাসিক মর্যাদা রক্ষায় নেতানিয়াহু সরকারের উসকানিমূলক পদক্ষেপগুলো প্রতিরোধ করা সবার দায়িত্ব।

সূত্র: ডন