আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের হামলা

এশিয়া পোস্ট ডেস্ক
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের হামলা
আল-আকসা প্রাঙ্গনে দখলদার ইসরায়েলিদের নিরাপত্তায় পুলিশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরায়েলি দখলদার। বুধবার (১ জুলাই) ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তারা একপ্রকার হামলা চালিয়েছে এই পবিত্র স্থানে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, বুধবার কয়েক ডজন কট্টরপন্থী ইসরায়েলি দখলদার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মসজিদের চারপাশের চত্বরগুলো ঘুরে বেড়ায় এবং সেখানে উস্কানিমূলকভাবে তাদের ধর্মীয় ‘তালমুদীয়’ আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সম্পন্ন করে। এ সময় দখলদারদের সার্বিক নিরাপত্তা ও পাহারা দেয় ইসরায়েলি পুলিশ।

আল-আকসা মসজিদ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে সমাদৃত। তবে ইহুদিরা এই ঐতিহাসিক স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে। তাদের দাবি, প্রাচীনকালে এই স্থানে দুটি ইহুদি মন্দির অবস্থিত ছিল।

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদসহ পুরো অবরুদ্ধ পূর্ব জেরুজালেমকে সম্পূর্ণভাবে ইহুদি রাষ্ট্রীয়করণ করার জন্য ইসরায়েল তাদের হামলা বাড়িয়ে চলেছে। এর মাধ্যমে শহরটির দীর্ঘদিনের আরব ও ইসলামি ঐতিহ্য ও পরিচয় পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। কারণ বিশ্ব সম্প্রদায় ১৯৬৭ সালে ইসরায়েলের মাধ্যমে এই শহর অবৈধভাবে দখল করা কিংবা ১৯৮০ সালে তাদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি।