গাইবান্ধায় রামমন্দিরে হামলা দাবিতে ভারতে মন্দিরে সংঘর্ষের ভিডিও প্রচার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ। তবে রথযাত্রা ব্যহত করেতে গাইবান্ধার পলাশবাড়ী রামমন্দিরে গিয়ে সেকুলাররা মন্দিরের পুরোহিতকে বেধড়ক মারধর করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং ভারতের উত্তর প্রদেশে দুই দল পুরোহিতের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনার ভিডিও এটি।
ফেসবুকে মিথিলা বোস নামে একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘গাইবান্ধা পলাশবাড়ী রাম মন্দিরে গিয়ে সেকুলাররা মন্দিরের পুরোহিত কে বেধড়ক মারছে। রথযাত্রা যাতে না করা হয় সেজন্য বিরাট চাপ সৃষ্টি করছেন মৌলবাদী + কিছু জামাত শিবিরের জঙ্গিরা। আপনারা এবার বলেন? এটা ধর্ম অবমাননা হচ্ছে না?’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১ হাজারের বেশিবার শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়াও পোস্টটিতে শতাধিক মন্তব্য পড়েছে, যাদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।
তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের বেশকিছু সংবাদমাধ্যমে ঘটনার বিবরণ পাওয়া যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার মহেন গ্রামে অবস্থিত ঐতিহাসিক বাবা মহেন্দ্রনাথ মন্দিরের ঘটনা। সেখানে পূজা দেওয়া এবং মন্দিরের দানের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়, যা পরবর্তীতে ১৩ জুন মারামারিতে রূপ নেয়। বিস্তারিত দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, রথযাত্রা ব্যহত করেতে গাইবান্ধার পলাশবাড়ী রাম মন্দিরে গিয়ে সেকুলাররা মন্দিরের পুরোহিতকে বেধড়ক মারধর করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। বরং ভারতের উত্তর প্রদেশে মন্দিরের দানের টাকা ভাগাভাগি নিয়ে পুরোহিতদের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও এটি।
.png)





