১১ জেলায় ২২ যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ছয় জেলার ২৮টি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ। এ ছাড়া সড়ক অবরোধ, সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন এবং ছয় জেলার ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে, ডিএমপি জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০টি
রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ধানমন্ডির দুটি স্থান এবং উত্তর শাহজাহানপুর থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। দুপুর ১২টার দিকে ধানমন্ডির সিটি কলেজের পাশ থেকে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল রেখে দুই ব্যক্তি পালিয়ে যান। পুলিশের তৎপরতার কারণে সেগুলোর বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।
দুপুর সোয়া ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক মো. সোহেল আহত হন। একই সময়ে কলাভবনের পাশেও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।
এদিকে দুপুরে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এ ছাড়া রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক, রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড এবং কাছাকাছি সময়ে শিল্পাঞ্চলের এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীতে বাসে আগুন, গ্রেপ্তার ৩৩
সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে স্টাফ কলেজের বিপরীতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে মো. হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দারুস সালাম থেকে নাফিউল ওরফে সময় ও শুভ চৌধুরী নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নাফিউল নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। কেউ কেউ টাকার বিনিময়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফরিদপুরে বাসে আগুন, নেভাতে গিয়ে চালকের মৃত্যু
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। আগুন নেভানোর সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে বাসটির চালকের মৃত্যু হয়।
কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর পথে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাস চালাতেন।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, আহত ১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এদিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, বিসিক ব্রিজ, সোনাকুড়, এলজিইডি মোড় ও বেদগ্রাম এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাশিয়ানীর কালনা মধুমতী সেতুর টোল প্লাজা এবং পোনা ও মাজড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কেও অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে।
সোমবার রাতে কাশিয়ানীর গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনার দেয়াল ও ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়া উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।
রাজশাহীতে বিএনপির কার্যালয়ে আগুন
রাজশাহীর তানোরে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার ভোরে তানোরের কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে কার্যালয়ের আসবাব পুড়ে যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বরগুনায় ৫০ প্রতিষ্ঠানে তালা
বরগুনায় সোমবার রাতে একাধিক সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বরগুনা সরকারি জিলা স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বেতাগী উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। একই ঘটনা ঘটেছে বামনা, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলাতেও। জেলায় অন্তত ৫০টি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার খবর পাওয়া গেছে।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া ও নাশকতার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে।
এদিকে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় সোমবার গভীর রাতে আগুন দেওয়া হয়। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিভিন্ন জেলায় ট্রেন ও বাসে আগুন
সোমবার রাতে ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় আরও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। একই রাতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতেও আগুন লাগে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের পাশাপাশি দাঁড় করানো দুটি বাসে রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাস দুটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে কয়েলের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। সাভারের গেন্ডা এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুনের পাশাপাশি অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের পাশে একটি ব্যাগে অন্তত তিনটি হাতবোমা থাকার কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের দুটি স্থানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দিগন্ত পরিবহনের একটি বাসে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় সোমবার রাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটেও হাতবোমা ছোড়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
কক্সবাজারে সোমবার রাতে শহরসহ জেলার সাতটি স্থানে ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে পাঁচ দিনের ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার রাত ১টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিভিন্ন জেলায় গ্রেপ্তার
নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় সোমবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জে রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জে মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বরগুনার পাথরঘাটা, খুলনার ডুমুরিয়া, কুয়াকাটা, পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের আনোয়ারাসহ বিভিন্ন এলাকায় সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া, সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিলের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
নজরদারি বাড়ানোর নির্দেশ আইজিপির
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং জেলার পুলিশ সুপারেরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন আইজিপি।
পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশপ্রধান। এ জন্য টহল, তল্লাশি ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তবে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।












