logo

তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবি মোতায়েন। পুরোনো ছবি

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুরের চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনায় ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা হয়েছে।

বিজিবি আরও জানায়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ মোতায়েন ও নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট