Advertisement

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে আসা গাড়ি ধাওয়া করে পিস্তল ও গুলি জব্দ

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে আসা গাড়ি ধাওয়া করে পিস্তল ও গুলি জব্দ
জব্দ করা ফোন, ম্যাগাজিন, পিস্তল ও গুলি। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের রামু উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক মিনি পিকআপচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলার সদরের হাজারীকূল এলাকা তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সোহেল রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

পুলিশ জানায়, এদিন সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে যানবাহনযোগে অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় পুলিশ। খবর পেয়ে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়।

অস্ত্রসহ আটক গাড়িচালক। ছবি: এশিয়া পোস্ট
অস্ত্রসহ আটক গাড়িচালক। ছবি: এশিয়া পোস্ট

নাইক্ষ্যংছড়ি থেকে আসা সন্দেহজনক একটি পিকআপ সেখানে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ পিছু নিয়ে গাড়িটিকে ধাওয়া করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ গাড়িটি ধাওয়া করে হাজারীকূল এলাকায় আটকাতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে চালকের সিটসংলগ্ন পাদানির নিচে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি পাওয়া যায়।

তিনি জানান, গাড়ির চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।