logo

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাজধানীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাজধানীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি: এশিয়া পোস্ট

অষ্টমবারের মতো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত হয়েছে। ৩৫০ জনেরও বেশি বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশু একই প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের বিষয় ছিল "আমার চোখে বাংলাদেশ"। শিশুরা তাদের নিজেদের চোখে দেখা বাংলাদেশের রূপ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে, কেউ এঁকেছে সবুজ মাঠ, কেউ নদী, কেউবা স্বপ্নের শহর।

আয়োজকরা জানান, এই কর্মসূচির লক্ষ্য হলো - দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, এম. পি., প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, “ভিন্নতাকে আপন করে নেওয়ার মানসিকতাই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুরা যখন একসাথে হাতে তুলি নেয়, তখন সেটি কেবল ছবি আঁকা নয়, সেটি একটি সহনশীল, সহমর্মী এবং সমতাভিত্তিক সমাজের প্রতিচ্ছবি।”

তিনি জেসিআই ঢাকা ওয়েস্টের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা সৃষ্টি করে এবং আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সহমর্মী করে গড়ে তোলে। আমি জেসিআই ঢাকা ওয়েস্টকে ধন্যবাদ জানাই এমন একটি অর্থবহ উদ্যোগ বাস্তবায়নের জন্য।”

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অন্যান্য শিশুদের একত্রিত করেছি, যাতে তারা একসাথে কাজ করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে। ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৮.০’ কেবল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা নয়, এটি একতা, সমতা এবং পারস্পরিক সম্মানের একটি উদযাপন।”

ব্যাটেল অব দ্যা ব্রাশ ৮.০-এর এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিইও ও ডিরেক্টর, বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড; ম্যানেজিং ডিরেক্টর, বায়োবিল্ড গ্লোবাল লিমিটেড মো. সুজাল আহমেদ তালুকদার।

এছাড়া অতিথি হিসেবে ছিলেন চারুপথির প্রতিষ্ঠাতা জনাব মোঃ এহসান উর-রশিদ, নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার জনাব শোয়েব হাসান এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. শারমিন ইয়াসমিন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ফ্যাকাল্টি অব ফাইন আর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোর্শেদ মিশু, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও কার্টুনিস্ট এবং ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া-এর তালিকাভুক্ত ব্যক্তিত্ব।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট অন্যতম বৃহৎ ও প্রাচীনতম লোকাল চ্যাপ্টার।