Advertisement

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, যাত্রীদের ভোগান্তি

এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, যাত্রীদের ভোগান্তি
যাত্রীদের দীর্ঘ লাইন। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এতে কয়েক ঘণ্টার ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশের সার্ভারে সমস্যা দেখা দেয়। এর পর থেকে ইমিগ্রেশনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ম্যানুয়ালি কার্যক্রম চালিয়ে নেন।

বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে বলেন, কিছু সময়ের জন্য সার্ভারে জটিলতা সৃষ্টি হয়েছিল। ওই সময় ম্যানুয়ালি অর্থাৎ হাতে ইমিগ্রেশনের কার্যক্রম চালানো হয়।

বিমানবন্দরে অপেক্ষমান যাত্রী ও সহযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে মালয়েশিয়া, দুবাই ও সৌদি আরবের ফ্লাইট বেশি ছিল।

বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে অপেক্ষামান যাত্রীদের স্বজনরা জানান, মাইকিং করে হাতে সময় নিয়ে প্রবাসী যাত্রীদেরকে নির্দিষ্ট সময়ের আগে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে বলা হয়।

বিমানবন্দরে কর্তব্যরত আনসার কর্মকর্তা নুর ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আজকে এমনিতে যাত্রীর চাপ বেশি। এর মধ্যে ইমিগ্রেশনের সার্ভারে কাজ করছিল না। এ কারণে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সিরিয়াল ও চাপ বেড়ে যায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, রাত ১১টার আগেই ইমিগ্রেশনের সার্ভার ঠিক হয়ে গেছে।