সাভারে হকারদের সড়ক অবরোধ, আনসারদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি ও ডিইপিজেড এলাকায় ফুটপাত দখল ও সীমানাপ্রাচীরসংলগ্ন স্থানে বসাকে কেন্দ্র করে হকার ও আনসার সদস্যদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো জোনের সামনে এ ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত উত্তেজনা থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগেও একাধিকবার ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। আজ ডিইপিজেডের সীমানাপ্রাচীর ঘেঁষে ও মহাসড়কের পাশে হকাররা বসতে গেলে আনসার সদস্যরা এতে বাধা দেন। হকাররা অন্তত ৮ থেকে ১০ ফুট জায়গা ছেড়ে দেওয়ার দাবি জানালেও ইপিজেড কর্তৃপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হকাররা কাঠ ও আসবাবপত্র দিয়ে ডিইপিজেড থেকে বলিবদ্র বাজার পর্যন্ত মহাসড়কের উভয় লেন অবরোধ করে ফেলেন। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে আনসার সদস্য ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে আশুলিয়া থানা পুলিশ ও ডিইপিজেডের স্থানীয় প্রশাসনের আশ্বাসে হকাররা সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আনসার ও হকারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।