পাবনায় সারওয়ার তুষার ও সারজিস আলম অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি বিএনপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল।
তিনি বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থি। এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা সমাবেশে সারজিস আলম ও সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।
এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন আছে দাবি করে মাসুদ খন্দকার বলেন, তাদের যে ভাষা, জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই। জামায়াত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে, দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই। সেখানে তো বোঝা যায় কারও (জামায়াত) ইন্ধন আছে কি নেই। কে কোন সূরে কথা বলছে–এটা জনগণও বুঝতেছে, আমরাও বুঝতেছি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।





