রংপুর বিভাগে সারের ডিলারশিপে ৮৬ শতাংশই বিএনপির দখলে

উত্তরের শস্যভান্ডারখ্যাত রংপুর বিভাগে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় নজিরবিহীন রাজনৈতিক প্রভাব ও দলীয় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহের সরকারি লক্ষ্য ব্যাহত করে বিভাগটির আট জেলার বেশিরভাগ ডিলারশিপ দেওয়া হয়েছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বিভাগের ৪৩৫ জন সার ডিলারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে ৩৯৮ জনের ডিলারশিপ পেয়েছেন বিএনপি ও এর বিভিন্ন স্তরের পদধারী নেতাকর্মী, তাদের স্ত্রী ও নিকটাত্মীয়রা।
রংপুর জেলায় ৮১ জনের মধ্যে ৮০ জন, পঞ্চগড়ে ৩৮ জনের মধ্যে ৩৭ জন, কুড়িগ্রামে ৫৯ জনের মধ্যে ৫৬ জন, গাইবান্ধায় ৩২ জনের মধ্যে ৩০ জন, দিনাজপুরে ১০১ জনের মধ্যে ৯২ জন, লালমনিরহাটে ৪৬ জনের মধ্যে ৩৯ জন, ঠাকুরগাঁওয়ে ১৫ জনের মধ্যে ১৩ জন এবং নীলফামারীতে ৬৩ জনের মধ্যে ৩১ জন ডিলারশিপ পেয়েছেন বিএনপির পদধারী নেতাকর্মী ও তাদের আত্মীয়রা।
এ ছাড়া পুরো বিভাগে আওয়ামী লীগ বা দলটির সমর্থক ডিলার রয়েছেন মাত্র ১৪ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আবেদন করেও ডিলারশিপ পাননি। অথচ দলীয় সুপারিশ ও স্বজনপ্রীতির জোরে নামমাত্র অভিজ্ঞতা নিয়েই ডিলার হয়েছেন বিএনপি নেতাদের স্ত্রী, ভাই, সন্তান ও আত্মীয়স্বজনরা।
রংপুর জেলা
রংপুর সদরে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার স্ত্রী জেসমিন আক্তার (মেসার্স রাইসা এন্টারপ্রাইজ) ও সাধারণ সম্পাদকের স্ত্রী (মেসার্স আশরাফ এন্ড সন্স) ডিলারশিপ পেয়েছেন। মিঠাপুকুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহেরুল ইসলাম নিক্সনের স্ত্রী রেহেনা পারভীন (মেসার্স নিহান ট্রেডার্স) এবং সভাপতি গোলাম রব্বানীর ছোট ভাই মো. আল আমিন সরকার (মেসার্স এম আর এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন। পীরগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি পলাশ চৌধুরীর স্ত্রী ফাহিমা আখতার খানম (লুবাবা ট্রেডার্স) এবং পীরগাছায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের স্ত্রী সুইটি বেগম (মেসার্স শামান্তা এণ্ড সিফা ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।
দিনাজপুর জেলা
দিনাজপুর সদরে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের স্ত্রী রীনা ইয়াসমিন (মেসার্স রীনা ট্রেডার্স) ও ছেলে মো. কামরুল হাসান (মেসার্স কামরুল ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। চিরিরবন্দরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান শাহের ছেলে মো. নূর আলম শাহ (মেসার্স ইলহান ট্রেডার্স) ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুড়িগ্রাম জেলা
কুড়িগ্রাম সদরে জেলা বিএনপির সদস্যসচিবের মামা মো. মামুনুর রশিদ (মেসার্স কাশেম এন্ড সন্স) এবং আহ্বায়কের ছেলে মো. মাহবুবুল হক (মেসার্স এম এইচ ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। ভুরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন বিএনপির আহ্বায়কের স্ত্রী নাজমুন নাহার (মেসার্স আরিফ ট্রেডার্স), ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সদস্যসচিব আফজাল হোসেন (মেসার্স মুকুল ট্রেডার্স) এবং চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বাড়ী সরকারের ছেলে আবু সালেহ মো. জাকারিয়া (সরকার ট্রেডার্স) ডিলারশিপ লাভ করেছেন।
গাইবান্ধা জেলা
গাইবান্ধা সদরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি টিআইএম আব্দুল মোন্নাফ (টিআইএম আব্দুল মোন্নাফ ট্রেডার্স) এবং জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন ডিলারশিপ পেয়েছেন। সাঘাটায় উপজেলা বিএনপির সদস্যসচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের ছেলে মো. মারুফ আহমেদ তন্ময় (মেসার্স মা ট্রেডার্স) এবং সুন্দরগঞ্জে তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইচ এম নাজমুল হুদা মাস্টারের স্ত্রী মনিরা বেগম (মেসার্স ওয়াহেদ এগ্রোভেট) ডিলার হয়েছেন।
লালমনিরহাট জেলা
পাটগ্রামে উপজেলা যুবদলের আহ্বায়ক বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল (মেসার্স চন্দ্রিমা অ্যান্ড পূর্ণিমা কনস্ট্রাকশন) ডিলারশিপ পেয়েছেন। হাতীবান্ধায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের ভাই আনোয়ার হোসেন (মেসার্স মোকছুদা ট্রেডার্স) এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক জালাল উদ্দীনের ছেলে আবু আব্দুল্লাহ আল মিরাজ (মেসার্স এম.এম ট্রেডার্স) ডিলার হয়েছেন। লালমনিরহাট সদরে জেলা যুবদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান (মেসার্স এ আর ট্রেডার্স) ডিলার হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন।
নীলফামারী জেলা
নীলফামারী জেলা বিএনপির সহসভাপতির ছেলে মো. শরিফুল ইসলাম (এস আলী ট্রেডিং) ডিলারশিপ পেয়েছেন। কিশোরগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের স্ত্রী বিথী আক্তার (মেসার্স সুজন এন্টারপ্রাইজ) এবং সাধারণ সম্পাদকের বাবা মো. আফসার আলী (মেসার্স এ কে এম ট্রেডার্স) ডিলার হয়েছেন। ডিমলায় জাবি সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্যের ছেলে মো. মাবরুক আল ইসলাম (মাবরুক বিজনেস সেন্টার) ডিলারশিপ পেয়েছেন।
পঞ্চগড় জেলা
তেঁতুলিয়ায় জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মোছা. সুলতানা রাজিয়া (শ্রাবণ ট্রেডার্স) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন (মেসার্স হাসান এন্ড ব্রাদার্স) ডিলারশিপ পেয়েছেন। সদর উপজেলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বাবু (মেসার্স বাবু এন্টারপ্রাইজ) এবং আটোয়ারীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের দুলালের স্ত্রী নার্গিছ আক্তার (এসএস ট্রেডার্স) ডিলার হয়েছেন।
আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ডিলার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগ কর্মী মিনারা বেগম (মেসার্স মারুফা ট্রেডার্স) এবং রাজারহাটে আওয়ামী লীগ নেত্রী মোছা. মর্জিনা বেগম (মেসার্স শাহী ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। গাইবান্ধার কামারজানীতে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী জুই আক্তার (মেসার্স জুই ট্রেডার্স), নীলফামারী সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মো. আবু সালেহ সোহেল রানা (মেসার্স সোহেল এন্টারপ্রাইজ), লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থক ফাহিম শাহরিয়ার (মেসার্স ভাই ভাই ট্রেডার্স) এবং কালীগঞ্জে ১৭ বছর ধরে আওয়ামী লীগের সদস্য থাকা মাহফুজা ফারিহা বর্ষা (ফাইজান ট্রেডার্স) ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

