logo

২৩ বছর ধরে হালিম বিক্রি করছেন ফরিদ, ৭০ বছরেও থামেনি জীবিকার লড়াই

নাঈম হাসান ঈমন
ঝালকাঠি
২৩ বছর ধরে হালিম বিক্রি করছেন ফরিদ, ৭০ বছরেও থামেনি জীবিকার লড়াই
হালিম বিক্রেতা মো. ফরিদ হাওলাদার। ছবি: এশিয়া পোস্ট

বয়স ৭০ বছর। হাঁটতে গেলে ক্লান্তি আর শরীরে ব্যথায় কুঁকড়ে গেলেও জীবিকার তাগিদে থেমে নেই মো. ফরিদ হাওলাদারের লড়াই। প্রতিদিন বিকেলে হালিমের ঠেলা নিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে হাজির হন তিনি। বয়সের ভার, অসুস্থতা, সংসারের দায়িত্বকে সঙ্গী করেই গত ২৩ বছর ধরে হালিম বিক্রি করে চলেছেন এই বৃদ্ধ। সন্ধ্যা নামলেই তার ঠেলার সামনে ক্রেতাদের ভিড় জমে, আর তিনি একের পর এক প্লেট তুলে দেন ক্রেতাদের হাতে।

রাজাপুর সদরের শরিফবাড়ির এলাকার বাসিন্দা ফরিদ হাওলাদার জানান, শুরুতে তিনি হালিমের পাশাপাশি চটপটি ও পায়া বিক্রি করলেও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় এখন শুধু হালিম বিক্রি করেন। এক সময় ৫ টাকায় এক প্লেট হালিম বিক্রি করলেও বর্তমানে তা ৫০, ৮০ ও ১০০ টাকা দরে বিক্রি করছেন। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকার বিক্রি হয়, যার মধ্য থেকেই কাঁচামাল ও সংসারের খরচ মেটাতে হয় তাকে। দীর্ঘদিনের পরিচয়ে স্থানীয় মানুষের সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিদিন সকালে বাড়িতেই স্ত্রী ও এক মেয়ের সহযোগিতায় হালিম তৈরির কাজ শুরু হয়। কয়েক ধরনের ডাল, চাল, গম, ছাঁটা মাংস এবং বিশেষ মসলার সমন্বয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয় এই হালিম। দুপুরের পর রান্না শেষ করে বিকেলে ঠেলা নিয়ে বাইপাস মোড়ে যান এবং রাত ৯টা থেকে ১০টার মধ্যে তার সব হালিম বিক্রি হয়ে যায়।

পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সেজো ফরিদ হাওলাদারের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সন্তানদের পড়াশোনা ও বিয়ে দিতে গিয়ে নিজের জন্য কিছু জমাতে পারেননি। প্রায় পাঁচ বছর আগে দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করার কারণে তিনি জটিল রোগে আক্রান্ত হন। চিকিৎসার ব্যয় মেটাতে পৈতৃক সম্পত্তির বড় অংশ বিক্রি করতে হয়েছে, বর্তমানে বসতভিটা ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই তার।

ফরিদ হাওলাদার বলেন, সবকিছুর দাম বাড়ায় হালিম তৈরির খরচও বেড়েছে, ফলে বেশি লাভ থাকে না। তবুও অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের হাতে কাজ করে উপার্জন করাকেই সম্মানের মনে করি। যতদিন শরীর সায় দেবে, ততদিন নিজের শ্রমে সংসার চালাতে চাই।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

পাঁচ বছর আগে দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করার কারণে তিনি জটিল রোগে আক্রান্ত হন। চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে পৈতৃক সম্পত্তির বড় অংশ। সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ার পর বর্তমানে বসতভিটা ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই তার। পুরোপুরি সুস্থ না হলেও সংসারের প্রয়োজনে এখনও কাজ করে যেতে হচ্ছে।

হালিম খেতে আসা স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান রানা বলেন, ফরিদ কাকা অনেক বছর ধরে হালিম বিক্রি করছেন। তার হালিম এখন সবার কাছে পরিচিত। স্বাদ ভালো হওয়ায় আমরা নিয়মিত তার কাছে আসি।

হালিম খেতে আসা অন্তর চৌধুরী অন্তু বলেন, ফরিদ কাকার হালিমের স্বাদ অনেক ভালো। দীর্ঘদিন ধরে তিনি এখানে হালিম বিক্রি করছেন। বয়স হলেও এখনও নিয়মিত হালিম নিয়ে বসেন। তার কাছ থেকে হালিম খেলে শুধু ভালো খাবারই পাওয়া যায় না, একজন বয়স্ক মানুষের পরিশ্রমের গল্পও চোখের সামনে দেখা যায়। নিজের হাতে কাজ করে তিনি সংসার চালাচ্ছেন বিষয়টি সত্যিই প্রশংসার। আমরা চাই, তিনি যতদিন সুস্থ থাকেন, ততদিন এভাবেই ভালো থাকুন এবং কাজ করে যেতে পারেন।

খারাপ আবহাওয়া বা বৃষ্টি হলে অনেক সময় বিক্রি না হওয়া হালিম নিয়ে বাড়ি ফিরতে হয় তাকে। তবুও থেমে থাকেন না তিনি পরের দিন সকালেই আবার শুরু হয় নতুন প্রস্তুতি। রাজাপুরের বাইপাস মোড়ে ফরিদ হাওলাদারের এই ঠেলাটি শুধু একটি খাবারের ব্যবসা নয়, বরং এটি তার ২৩ বছরের শ্রম, অসুস্থতা ও বার্ধক্যের বিরুদ্ধে লড়াই এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার এক অনন্য উপাখ্যান।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট