Advertisement

রুয়েট শিক্ষার্থীদের হেনস্থা, আরপি স্পেশাল বাস আটক

এশিয়া পোস্ট নিউজ, ‎রুয়েট
রুয়েট শিক্ষার্থীদের হেনস্থা, আরপি স্পেশাল বাস আটক
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টার অভিযোগে ‘আরপি স্পেশাল’ পরিবহনের একটি বাস আটকে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজশাহী যাওয়ার পথে নাটোরে বাস থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

রুয়েটের পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া জামানের অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা-রাজশাহী রুটের অন্যান্য বাসে টিকিট না পেয়ে তারা ছয়জন সিরাজগঞ্জের পাবনা রোড থেকে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে আরপি স্পেশাল পরিবহনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। বাসটিতে অতিরিক্ত ভিড় থাকায় প্রথমদিকে দাঁড়িয়ে থাকলেও নাটোরের বনপাড়ায় গিয়ে তারা বসার সুযোগ পান।

তিনি আরও জানান, বাসটি নাটোরে পৌঁছালে বাসের স্টাফরা হঠাৎ জানান যে বাসটি আর রাজশাহী যাবে না এবং সব যাত্রীকে নাটোরেই নেমে যেতে হবে। তখন আনুমানিক রাত ১০টা ৪০ মিনিট এবং বাসটিতে প্রায় ২২ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। গভীর রাতে মাঝপথে নামিয়ে দেওয়ার প্রতিবাদ জানালে বাসের এক স্টাফ শিক্ষার্থীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই স্টাফ লাঠি নিয়ে যাত্রীদের মারতে আসেন। এর মধ্যেই বাসের চালক ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে সব যাত্রীর জোরালো প্রতিবাদের মুখে নাটোর থেকে নতুন চালক এনে বাসটি আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। অভিযুক্ত স্টাফকে পথিমধ্যে পুঠিয়ার আশপাশে কৌশলে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি রুয়েটের প্রধান ফটকের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা সেটি আটকে দেন।

তাদের দাবি, অভিযুক্ত ওই স্টাফকে সশরীরে উপস্থিত করে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবেই বাসটি ছেড়ে দেওয়া হবে। তবে বাস মালিকপক্ষ উক্ত স্টাফকে চেনেন না বলে দাবি করলে পরবর্তীতে বাসটি রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আটকে রাখা হয়।

আরপি স্পেশাল বাসের সুপারভাইজার রাজিব বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য নয়, বাস ছাড়তে দেরি হওয়া নিয়ে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তাছাড়া যার বিরুদ্ধে মারধরের চেষ্টার অভিযোগ করা হচ্ছে, সে আমাদের কোম্পানির লোক নয়।