মেয়ের শিলপাটার আঘাতে প্রাণ গেল মায়ের

যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের শিলপাটার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটা দিয়ে তার মাথা ও মুখে বেশ কয়েকটি আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মর্মান্তিক এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






