Advertisement

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে: নাহিদ ইসলাম

এশিয়া পোস্ট নিউজ
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।

আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি সতর্ক করে বলেন, সরকার খুব শিগ্‌গিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেব না।

এ সময় তিনি অভিযোগের সুরে বলেন, তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।