Advertisement

ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির ধাক্কা, মেজর নিহত

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির ধাক্কা, মেজর নিহত
উট। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়সলমীরে সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। হঠাৎ রাস্তায় চলে আসা একটি উটের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী একটি এসইউভি গাড়ির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে জয়সলমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ‘থাইয়াত সেনাক্যাম্প’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেনাক্যাম্পে কর্মরত ওই তিন কর্মকর্তা কাজ শেষে এসইউভি গাড়িতে করে সেনানিবাসে ফিরছিলেন।

পুলিশ সূত্র জানায়, গাড়িটি চালাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ। হঠাৎ তীব্র গতিতে থাকা গাড়িটির সামনে একটি উট চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেটির সঙ্গে ধাক্বা লাগে। ধাক্কার তীব্রতায় গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার দূরে ছিটকে চলে যায়।

দুর্ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় তিন সেনা কর্মকর্তাকে দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেজর আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ আরও জানায়, নিহত ওই কর্মকর্তা মাত্র এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।