অশিক্ষিত ও চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। অশিক্ষিত ও চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করেন।
পোস্টে সাদিয়া আয়মান বাংলা ও ইংরেজি ভাষায় লেখেন। তিনি বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে গেছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সাদিয়া লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
পোস্টের শেষ অংশে পুরো বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এটি চরম লজ্জার ও ধিক্কারজনক!’
পোস্টে সমালোচকদেরও কড়া জবাব দিতে দেখা গেছে সাদিয়া আয়মানকে।
নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেটেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে । তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে । তোদের বাবা,মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা,মেয়ে,বোন দের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’
তবে অনেকেই এই পোস্টে সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
