ধোয়ার পরও চাদর-বালিশের কভারে দাগ রয়ে যায়, রান্নাঘরেই আছে সমাধান

প্রতিদিনের ব্যবহার, চুলের তেল, ত্বকের প্রাকৃতিক তেল এবং ঘামের কারণে বালিশের কভার ও বিছানার চাদরে ধীরে ধীরে হলদেটে ও তেলতেলে দাগ জমতে থাকে। সমস্যা হলো, এই ধরনের দাগ সাধারণ ময়লার মতো নয়। কাপড়ের তন্তুর গভীরে ঢুকে যাওয়ায় অনেক সময় ভালো মানের ডিটারজেন্ট বা ওয়াশিং মেশিনেও পুরোপুরি পরিষ্কার হয় না। ফলে পরিষ্কার কাপড়ও দেখতে পুরোনো ও অপরিচ্ছন্ন লাগে।
তবে সুসংবাদ হলো, এই জেদি তেলের দাগ তুলতে সবসময় দামি ক্লিনার প্রয়োজন হয় না। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই অনেক ক্ষেত্রে দাগের তেলতেলে ভাব দূর করা সম্ভব।
লেবু ও লবনের ব্যবহার
লেবুর রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড কাপড়ের তেল ভাঙতে সাহায্য করে। দাগের ওপর অর্ধেক লেবুর রস ছড়িয়ে সামান্য লবন ছিটিয়ে দিন। ৫ থেকে ১০ মিনিট রেখে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। হালকা তেলের দাগের ক্ষেত্রে এটি বেশ কার্যকর হতে পারে।
বেকিং সোডার পেস্ট
বেকিং সোডা অতিরিক্ত তেল ও দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে। সামান্য পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। দাগের জায়গায় লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে নরম ব্রাশ দিয়ে ঝেড়ে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন।
ডিশওয়াশিং লিকুইড
বাসনের তেল কাটার জন্য তৈরি ডিশওয়াশিং লিকুইড কাপড়ের তেলতেলে দাগেও কাজ করতে পারে। কয়েক ফোঁটা ডিশওয়াশ সরাসরি দাগের ওপর লাগিয়ে আলতোভাবে ঘষুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
সাদা ভিনেগার
সাদা ভিনেগার কাপড়ের তন্তু ক্ষতিগ্রস্ত না করেই জমে থাকা তেল ও গন্ধ কমাতে সাহায্য করতে পারে। এক বালতি কুসুম গরম পানিতে এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে চাদর বা কভার এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ
দাগ যদি একেবারে নতুন হয়, তাহলে ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ ছড়িয়ে দিন। এগুলো অতিরিক্ত তেল শোষণ করে নেয়। প্রায় এক ঘণ্টা পর ব্রাশ দিয়ে ঝেড়ে কাপড় ধুয়ে ফেলুন।
চক বা খড়িমাটির ব্যবহার
সাদা চক তেল শোষণে আশ্চর্যজনকভাবে কার্যকর। দাগের ওপর ভালোভাবে চক ঘষে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। পরে ধুয়ে ফেললে তেলের দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
হালকা গরম পানি ব্যবহার করুন
তেলের দাগ তুলতে ঠান্ডা পানির তুলনায় কুসুম গরম পানি বেশি কার্যকর। কারণ তেল গরমে দ্রুত আলগা হয়ে যায়। তবে কাপড়ের যত্নের নির্দেশনা দেখে তাপমাত্রা নির্বাচন করা উচিত, কারণ অতিরিক্ত গরম পানি কিছু কাপড়ের ক্ষতি করতে পারে।
রোদে শুকানোর উপকারিতা
ধোয়ার পর চাদর বা বালিশের কভার সম্ভব হলে খোলা স্থানে রোদে শুকান। সূর্যের আলো অবশিষ্ট গন্ধ ও হালকা দাগ কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি কাপড়ও বেশি সতেজ থাকে।
পরামর্শ
- তেলের দাগ যত দ্রুত পরিষ্কার করবেন, তত সহজে উঠবে।
- দাগ লাগার পরই না ধুয়ে কাপড় শুকাবেন না। এতে দাগ স্থায়ী হয়ে যেতে পারে।
- প্রথমবার নতুন কোনো উপাদান ব্যবহার করার আগে কাপড়ের ছোট একটি অদৃশ্য অংশে পরীক্ষা করে নিন।
- সিল্ক, সাটিন বা বিশেষ ধরনের কাপড়ের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং প্রয়োজন হলে পেশাদার ড্রাই ক্লিনিংয়ের সাহায্য নিন।
নিয়মিত যত্ন ও দ্রুত ব্যবস্থা নিলে বালিশের কভার বা বিছানার চাদরের জেদি তেলতেলে দাগও সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সূত্র: টিভি ৯






