একটি মহলের ক্ষমতার লোভের কারণে ইসলামি শরিয়াহ কায়েম হয়নি

একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামি শরিয়াহ বা ইসলামি হুকুমত কায়েম হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তিনি বলেন, তারা আমেরিকা ও ভারতের অনুকম্পা পেতে নির্বাচনি ইশতেহার থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামি শরিয়ার আলোকে দেশ পরিচালনা করবে না বলে তাদেরকে আশ্বস্ত করেছে।
রোববার (১২ জুলাই) বিকেলে পাবনা জেলা কাশিনাথপুরের একটি মাদ্রাসা মিলনায়তনে পাবনা জেলা পূর্ব শাখা আয়োজিত জেলা মজলিসে শুরা অধিবেশনে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলাম এ দেশের বিরানব্বই ভাগ মানুষের হৃদয়জুড়ে আছে। এ দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামের আলোকে দেশ পরিচালিত হোক তা চায়। কিন্তু একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামি শরিয়া বা ইসলামি হুকুমত কায়েম হয়নি।
যারা ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দেয়, তাদের সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চরমোনাই পীর বলেন, হেকমতের (কৌশল) নামে মিথ্যার আশ্রয় ইসলাম সমর্থন করে না। ইসলাম সার্বজনীন ও কালজয়ী আদর্শ। ইসলামের আলোকে নিজেকে আলোকিত করা এবং দেশ ও সমাজকে আলোকিত করাই আমাদের কাজ। দেশ পরিচালনায় ইসলামি অনুশাসনের বিকল্প নেই, সে কথা বারবার বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ইসলামের সুন্দর নিয়ম, নীতিসহ ভালো দিকগুলো তুলে ধরে জনগণকে আকৃষ্ট করতে হবে।
তার মতে, সব অশান্তির মূলে অনৈসলামিক শাসনব্যবস্থা। শান্তি ও মুক্তি পেতে ইসলামের বিকল্প নেই।
চরমোনাই পীর বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৫ বছর পরও এ দেশের মানুষ ন্যায়বিচার পায়নি। দেশের জনগণ এখনও শোষণ বঞ্চনার শিকার। ন্যায়বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এ অবস্থায় জনআকাঙ্ক্ষা বাংলা বৈষম্যহীন, শোষণ-বঞ্চনামুক্ত বাংলা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এ জন্য সবাইকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।
বন্যার্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান ইসলামি আন্দোলনের আমির। একই সঙ্গে সরকারের ত্রাণ তৎপরতা ও পানিবন্দি মানুষকে উদ্ধারে আরও ব্যাপকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা সভাপতি মাওলানা সোলাইমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ নুরুন্নাবী।





