ওমরাহয় গিয়ে সড়কে ঝরল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তানিয়া তাহমিনা রিনা, তার ছোট মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম।
দুর্ঘটনায় নিহত রিনার স্বামী শাফিকুল ইসলাম ও বড়ো ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা ঢাকার শেরে বাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোডের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারটি রিয়াদ থেকে গাড়িযোগে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী এবং তাদের বড়ো ছেলে। বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ঢাকার নর্থ শ্যামলী এলাকাসহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হচ্ছে।
.png)





