Advertisement

সীমান্তে সহকর্মীর গুলিতে দু্ই বিএসএফ জওয়ান নিহত

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
সীমান্তে সহকর্মীর গুলিতে দু্ই বিএসএফ জওয়ান নিহত
আহত বিএসএফ জোয়ানকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের ক্যাম্পে সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন দুই বিএসএফ জওয়ান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল— তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য নিহত দুই জওয়ানের মরদেহ মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জওয়ানরা হলেন— বিহারের ছাপরা জেলার বাসিন্দা অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গাড চিলোনি এলাকার বাসিন্দা আম্বদর সুরেশ দরগু (৩৭)। দুজনেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আহত জওয়ানের নাম বিকাশ ব্রম্ম (৪৪), তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবায়। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মালদহের বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ নম্বর এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর অবস্থিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ডিউটির মাঝে বিশ্রাম নেওয়ার সময় দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তর্কের এক পর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র (ছত্তিশগড়ের বাসিন্দা) আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জওয়ান এবং গুরুতর আহত হন বিকাশ ব্রম্ম।

বিএসএফ সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ ছিল। বিএসএফের নিজস্ব আইন অনুযায়ী তিনি সাজাও ভোগ করেছিলেন। কয়েক দিন আগেই তার শাস্তির মেয়াদ শেষ হয় এবং তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে তার আগেই পুনরায় এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বসেন তিনি।

ঘটনার পরপরই বৈষ্ণবনগর থানার পুলিশ, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত শিবম মিশ্রকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা এশিয়া পোস্টকে বলেন, তাদের তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।