একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ফারহানের অবিশ্বাস্য গোল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছিল বাংলাদেশ। বিরতির পর সেই ব্যবধান আরও বাড়ালেন ফারহান আলী ওয়াহিদ। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় সেটি করার ধরন। একের পর এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে অসাধারণ এক গোল করেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলার।
দেশের মাটিতে প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত নৈপুণ্যে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাসের ঝড় তুলেছেন ফারহান। তার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। প্রথমার্ধে শমিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে দর্শনীয় মুহূর্ত। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন ফারহান। সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন শ্রীলঙ্কার বক্সে। এরপর একের পর এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে গোলের সুযোগ তৈরি করেন তিনি।
শেষ পর্যন্ত ডান পায়ে শট নেন ফারহান। দুর্দান্ত সেই গোলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। সতীর্থরাও ছুটে এসে ঘিরে ধরেন বাংলাদেশের তরুণ ফরোয়ার্ডকে।
এর আগে ম্যাচের অষ্টম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন শমিত সোম। হামজার বাড়ানো ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিতের কাছে। প্রথম প্রচেষ্টা বাধা পেলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি তিনি।
প্রথমার্ধের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে জোরালো শট নেন বাংলাদেশের নতুন অধিনায়ক। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালে উল্লাসে মেতে ওঠেন দর্শকেরা।
দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমে শুরু থেকেই নজর কেড়েছেন ফারহান। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ক্লাবের ব্যস্ততার কারণে খেলতে পারেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সরাসরি শুরুর একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড।










