৯০০ বছর পর যুক্তরাজ্যে নরম্যানদের বিজয়গাথা ‘ট্যাপেস্ট্রি’

প্রায় এক হাজার বছর আগে তৈরি নরম্যানদের ইংল্যান্ড জয়ের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ‘বায়েক্স ট্যাপেস্ট্রি’ দীর্ঘ ৯০০ বছর পর এই প্রথম যুক্তরাজ্যে ফিরে এসেছে। ফ্রান্সের একটি গোপন জায়গা থেকে কড়া পুলিমি নিরাপত্তায় মাঝরাতে এটি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এসে পৌঁছায়।
আগামী সেপ্টেম্বর মাস থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে। টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে ইতোমধ্যে ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। এই প্রদর্শনীতে দর্শনার্থীরা প্রথমবারের মতো পুরো বায়েক্স ট্যাপেস্ট্রি সোজা বা ফ্ল্যাট অবস্থায় একসঙ্গে দেখার সুযোগ পাবেন।
নাম ‘ট্যাপেস্ট্রি’ হলেও এটি আসলে কোনো সাধারণ কার্পেট বা বুনন নয়। এটি মূলত ৭০ মিটার দীর্ঘ একটি লিনেন কাপড়, যার ওপর রঙিন উল দিয়ে নিখুঁতভাবে ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এতে মোট ৫৮টি দৃশ্যের মাধ্যমে ১০৬৬ সালের বিখ্যাত ‘ব্যাটল অব হেস্টিংস’ এবং নরম্যানদের ইংল্যান্ড জয়ের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে, যা ব্রিটেনের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল।
৯০০ বছরেরও বেশি সময় ধরে ইঁদুর, পোকা-মাকড়, স্যাঁতসেঁতে আবহাওয়া কিংবা আগুনের হাত থেকে বেঁচে এটি যেভাবে টিকে রয়েছে, ইতিহাসবিদরা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন।
এত প্রাচীন এবং ভঙ্গুর একটি শিল্পকর্মকে ৩০০ মাইল দূর থেকে অক্ষত অবস্থায় আনা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। এমনকি ফ্রান্সে অনেকে এটিকে স্থানান্তরের বিরোধিতা করে ‘ঐতিহ্যগত অপরাধ’ বলেও মন্তব্য করেছিলেন। তবে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে কাপড়ের ভাঁজ করা স্ট্যান্ডটিকে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত বাক্সে রাখা হয়। ঝাঁকুনি থেকে বাঁচাতে বাক্সের চারপাশে বিশেষ স্প্রিং বসানো হয়। মূল যাত্রা শুরুর আগে একটি নকল কাপড়ের বাক্স দিয়ে দু-দুবার মহড়াও দেওয়া হয়েছিল।
ফ্রান্সের নরম্যান্ডির যে মিউজিয়ামে এটি সাধারণত থাকে, সেটি এখন সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মধ্যকার একটি বন্ধুত্বপূর্ণ চুক্তির আওতায় এটি ৯ মাসের জন্য ধার দেওয়া হয়েছে। এর বিনিময়ে ব্রিটিশ মিউজিয়ামও তাদের কিছু ঐতিহাসিক সম্পদ যেমন ‘সাটন হু’ গুপ্তধন ও ‘লুইস চেস পিস’ ফ্রান্সকে ধার দেবে।
সূত্র: বিবিসি





